নিউরো সায়েন্সেস হাসপাতালের সম্প্রসারিত ৫০০ বেডের নতুন ভবন আজ শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে হাসপাতালের মোট বেড সংখ্যা ১ হাজারে উন্নীত হলো। সংশ্লিষ্টরা দাবি করেছেন, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরো সায়েন্সেস হাসপাতাল নেই।
২০১২ সালে ৩০০ বেডের হাসপাতাল চালু হওয়ার পর রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকে। রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ২০০ বেড বাড়ানো হয়। বর্তমানে নবনির্মিত ১৫ তলা ভবনে ৫০০ বেড যুক্ত করা হলো। প্রতিদিন এই হাসপাতালে মাথায় আঘাত, স্ট্রোক, টিউমার, মৃগী রোগীসহ বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে প্রচুর রোগী আসে।
নবনির্মিত ভবনটি মাটির নিচে তিন তলা এবং ওপরে ১২ তলা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভবনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং এতে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। দুটি এমআরআই মেশিন এবং ডুয়েল সিটি স্ক্যান মেশিন দিয়ে দ্রুত পরীক্ষা করা সম্ভব।
নিউরো সায়েন্সেস হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম জানিয়েছেন, এই হাসপাতালের চিকিত্সাসেবার মান বিশ্বের যে কোনো দেশের সঙ্গে তুলনা করা যায়। নতুন ভবন নির্মাণ ও যন্ত্রপাতির জন্য ৫০৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান খসরু বলেছেন, নতুন ভবন উদ্বোধনের পর নিউরোলজিক্যাল চিকিত্সাসেবার পরিধি দ্বিগুণ হবে। রোগীরা দ্রুত ভর্তি ও চিকিত্সাসেবা পাবে। তিনি সরকারের সঙ্গে বেসরকারি খাতের পার্টনারশিপের মাধ্যমে চিকিত্সা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন।