দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন জানিয়েছেন, জীবনের একটি সম্পর্কে টানা প্রায় দুই বছর মানসিক ও শারীরিকভাবে কঠিন সময় পার করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেই অধ্যায় থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেওয়ার পর এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী।

‘আই অ্যাম উইথ ধন্য ভার্মা’ অনুষ্ঠানে অনুপমা জানান, ওই সম্পর্কের সময় তিনি ধীরে ধীরে নিজের স্বাভাবিক জীবন ও আত্মপরিচয় হারিয়ে ফেলছিলেন। তবে কার সঙ্গে সম্পর্কে ছিলেন, তার নাম প্রকাশ করেননি তিনি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সম্পর্কটিতে কোনো স্থিরতা ছিল না। কখনো বিচ্ছেদের কথা উঠত, আবার দুদিন পরই সব ঠিক করার চেষ্টা চলত। সম্পর্কের এই টানাপোড়েনের প্রভাব পড়তে শুরু করে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে।

অনুপমা জানান, সে সময় তার প্যানিক অ্যাটাক, উদ্বেগ, ব্ল্যাকআউট, ওজন কমে যাওয়া এবং বমির মতো নানা সমস্যা দেখা দেয়। এমনকি তার ডান চোখ অনবরত কাঁপতে থাকায় শুটিংও বন্ধ রাখতে হয়েছিল।

সম্পর্কটি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া নিয়ে অনুপমা বলেন, বিষয়টি বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে তা নয়। তিনি জানান, একপর্যায়ে তাকেই বিভিন্ন সমস্যার জন্য দায়ী করা হতো এবং পরিস্থিতি যেন একটি নির্দিষ্ট ছকের মধ্যেই চলছিল।