চট্টগ্রামের সাতকানিয়ায় এসএসসি পরীক্ষার ফল দেখতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া এক পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকার গোপীবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা।
পরিবারের সদস্যরা জানান, গত সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করইয়ানগর এলাকা থেকে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। তিনি উপজেলার একটি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এবছর প্রকাশিত ফলাফলে তিনি এক বিষয়ে ফেল করেছেন।
পরিবারের সদস্যরা জানান, ফলাফল আশানুরূপ না হওয়ায় অভিমান করে তিনি মা-বাবাকে না জানিয়ে ঢাকায় চলে যান। সেখানে গোপীবাগ এলাকার এক ব্যবসায়ীর হেফাজতে ছিলেন। নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বাবা-মা চরম উৎকণ্ঠায় ছিলেন।
উদ্ধার হওয়া পরীক্ষার্থীর বাবা বলেন, ‘আমরা চার দিন ধরে খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় ছেলেকে খুঁজেছি। আজ (১৪ আগস্ট) দুপুরে মোবাইলটি চালু হলে আত্মীয়রা ফোন করে জানান, ওই পরীক্ষার্থী গোপীবাগে তাদের হেফাজতে আছে।’
তিনি আরও বলেন, পরে তার ভাইসহ কয়েকজন আত্মীয় ঢাকার গোপীবাগে গিয়ে তাকে উদ্ধার করে গুলশানের আত্মীয় স্বজনের বাসায় নিয়ে আসেন। পরিবারের সদস্যরা জানান, তাকে ফিরে পাওয়ার পর স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে যাওয়ায় পরিবারটি উদ্বিগ্ন হয়ে পড়েছিল।
এর আগে ওই পরীক্ষার্থীর নিখোঁজের ঘটনায় তার বাবা সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নিখোঁজের পর পুলিশও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধারে কাজ করছিল।