রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। মিছিলের নেতৃত্ব দেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নটরডেম কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ফকিরাপুল হয়ে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে নাইটিঙ্গেল মোড়ের দিকে গিয়ে মিছিলটি শেষ হয়।

সমাবেশে গোলাম মওলা শাহীন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনের উন্নয়নের একটি পরিকল্পনা দিয়েছিলেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে জনগণের কাছে বিএনপির প্রতিশ্রুতি ছিল।’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের বিষয়টি বিভিন্ন সরকার অবহেলা করেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি বেতন বাড়ানোর উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে।’

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্ব একটি যুদ্ধের দিকে এগিয়ে যায়। বর্তমানে যে গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে, তা মূলত আন্তর্জাতিক সংকটের কারণে সৃষ্টি হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন যে, জনগণ সরকারকে আরও সময় দেবেন এবং অতি শিগগির বিদ্যুৎসহ গ্যাসের সংকট সমাধান হবে।

গোলাম মওলা শাহীন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপি সরকারকে আপনারা আরও কিছু সময় দিন। ইনশাআল্লাহ, অতি দ্রুত আপনাদের চলমান সমস্যাগুলোর বেশিরভাগই তারেক রহমান সমাধান করতে পারবেন।’