পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে এবং নিশ্চিত করেছে যে, ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন।

যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানের দুটি ভিডিও প্রতিবেদন থেকে এই গুজবের সূত্রপাত হয়। ভিডিওগুলোতে তিনি দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে এবং ইমরান খানের জীবিত থাকার বিষয়ে উদ্বেগ রয়েছে। তবে ওয়াজাহাত পরে জানান, তাঁর কাছে মৃত্যুর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই।

আইএসপিআর আনুষ্ঠানিক বিবৃতিতে ইমরান খানের মৃত্যুর খবরকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। ইমরানের স্ত্রী বুশরা বিবির পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলোও তাঁর জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানান, কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত সাক্ষাৎ পর্বে সিসিটিভি ফুটেজে ইমরান খানকে হাঁটতে দেখা গেছে।

এদিকে, ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে পিটিআই নেতাদের উদ্বেগ কাটেনি। তারা দাবি করেছেন, ইমরান খানের চিকিৎসক, বোন ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে। পিটিআই নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে, নিরাপত্তা ও চিকিৎসার বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত না হলে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।

পিটিআইয়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে ইমরান খানের চিকিৎসাসুবিধা নিশ্চিত করার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের দ্রুত শুনানির দাবি জানিয়েছেন।