যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তথ্য বিক্রির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) নিউ ইয়র্কের ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতে দ্য ইন্টারসেপ্ট মিডিয়া এবং ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন যৌথভাবে এই মামলাটি দায়ের করে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট সরকারি নীতি, সামরিক পদক্ষেপ বা অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ওপর আর্থিক বাজারে প্রভাব ফেলে। বাদী পক্ষ ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি তথ্য বিক্রির প্রক্রিয়াকে ‘অসাধারণ, দুর্নীতিগ্রস্ত ও অসাংবিধানিক’ হিসেবে উল্লেখ করেছে।

মামলায় দাবি করা হয়েছে, এই কার্যক্রম যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীর লঙ্ঘন করে। ট্রাম্প মিডিয়া গত জুলাইয়ে ‘ট্রুথ এপিআই’ নামের নতুন পরিষেবা চালু করে, যেখানে ট্রাম্পসহ শীর্ষ ১০টি অ্যাকাউন্টের পোস্ট গ্রাহকরা আগে দেখতে পান।

ট্রাম্প মিডিয়ার সিইও কেভিন ম্যাকগার্ন জানিয়েছেন, ট্রুথ এপিআই গ্রাহকদের মিলিসেকেন্ডের ব্যবধানে তথ্য পৌঁছে দেয়। সংস্থাটি ইতিপূর্বে প্রতি মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার মূল্যের ১০টিরও বেশি চুক্তি সম্পন্ন করেছে।

মামলাটিতে ট্রাম্পের নির্বাহী সহকারী ন্যাটালি হার্প, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো এবং প্রেসিডেন্ট কার্যালয় ও হোয়াইট হাউস অফিসকেও আসামি করা হয়েছে।