টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধানগড়া গ্রামে প্রবাসফেরত যুবক রুবেলের বিয়েকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে। বিয়ের আয়োজনের মধ্যে দুই বছরের প্রেমের সম্পর্কের দাবি করে জেসমিন নামে এক নারী গত দুই দিন ধরে রুবেলের বাড়িতে অবস্থান করছেন এবং তাকে বিয়ে করার দাবিতে অনশন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানগড়া গ্রামের আয়নাল হকের ছেলে রুবেল দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন এবং গত সোমবার (১০ আগস্ট) দেশে ফেরেন। দেশে ফেরার পর আগামী শুক্রবার (১৪ আগস্ট) তার বিয়ের দিন নির্ধারণ করা হয়। এ উপলক্ষে একই ইউনিয়নের পাকুটিয়া গ্রামের প্রায় ১২০ জন আত্মীয়স্বজনকে নিয়ে ভোজের আয়োজন করা হয়েছিল।
জেসমিন দাবি করেন, রুবেলের সঙ্গে তার প্রায় দুই বছরের সম্পর্ক রয়েছে এবং রুবেলই তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। তবে পরিবারের চাপের কারণে রুবেল সেখান থেকে চলে যান। বর্তমানে তিনি রুবেলকে বিয়ে করতে চান।
জেসমিন বলেন, “রুবেলের সঙ্গে আমার দুই বছরের সম্পর্ক। সে আমাকে বাড়িতে নিয়ে এসেছে। আমি তাকে বিয়ে করতে চাই।” তবে স্থানীয়ভাবে জানা গেছে, জেসমিন একই ইউনিয়নের দুয়ানীপাড়া গ্রামের সুজন (জালাল) নামের এক ব্যক্তির সঙ্গে প্রায় নয় বছর ধরে সংসার করছেন এবং তাদের দুই সন্তান রয়েছে।
এদিকে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম লাভু বলেন, “আমি চাই ছেলে-মেয়ে উভয় পক্ষের কথা শুনে তাদের মতামতের ভিত্তিতে বিষয়টির মীমাংসা করতে।” তবে জেসমিনের দাবির বিষয়ে রুবেল ও তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।