ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, তিনি নাগরিকদের চায়ের দাওয়াত পেলে তাদের বাসায় গিয়ে চা খেয়ে এলাকার মানুষের সমস্যা শুনবেন। বুধবার (১২ আগস্ট) বসিলা এলাকার এক নাগরিকের বাসায় গিয়ে তিনি এ উদ্যোগের অংশ হিসেবে পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

ববি হাজ্জাজ বলেন, “আপনারা যদি আমাকে চায়ের দাওয়াত দেন, আমি অবশ্যই আসব।” তিনি উল্লেখ করেন, জনপ্রতিনিধি হিসেবে শুধু সংসদে বক্তব্য দেওয়া বা অফিসে বসে মানুষের কথা শোনা যথেষ্ট নয়। মানুষের কাছে গিয়ে তাদের বাস্তব সমস্যা দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, ‘মন্ত্রীর সঙ্গে চা, ঠিকানা আপনার বাসা’ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো মানুষের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ তৈরি করা। এ উদ্যোগের মাধ্যমে এলাকার সমস্যা ও নাগরিকদের পরামর্শ আরও গভীরভাবে জানা সম্ভব হবে।

বসিলা ও মোহাম্মদপুর এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ববি হাজ্জাজ বলেন, গত কয়েক মাসে কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি জানান, বসিলা ও রায়েরবাজারের জন্য পৃথক দুটি থানা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ২০২৭ সালের মধ্যে চালু হবে।

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির কোনও পরীক্ষা নেই এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি এ ধরনের পরীক্ষা নেয়, তা নিয়মবহির্ভূত হবে। তিনি জানান, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ ও নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে।