ক্রীড়াঙ্গনে মেয়েদের উন্নয়নের জন্য নিরাপদ পরিবেশ, নিয়মিত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের প্রতিভাগুলোকে খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনা এখন অন্যতম লক্ষ্য।

বুধবার (১২ আগস্ট) রংপুরের ক্রীড়াঙ্গন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। সফরকালে ব্যারিস্টার সারওয়াত রংপুর বিভাগীয় মহিলা কমপ্লেক্স পরিদর্শন করেন এবং নারী ক্রীড়ার উন্নয়ন ও বিকাশে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের পর রংপুর জেলা সার্কিট হাউজে মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় রংপুর অঞ্চলে নারী ক্রীড়ার বর্তমান অবস্থা, সম্ভাবনা, খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং ক্রীড়া অবকাঠামো নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. রমিজ আলম উপস্থিত ছিলেন। বক্তারা মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতা, রক্ষণশীলতার উত্থান এবং নিরাপত্তার অভাবের মতো প্রতিবন্ধকতা অতিক্রম করে মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।