নীলফামারীর ডিমলায় ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে পাঁচ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উত্তর সোনাখুলী মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজিরা খাতায় ১০৫ শিক্ষার্থীর নাম থাকলেও সরেজমিনে মাত্র সাত শিক্ষার্থীকে উপস্থিত পাওয়ার ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শ্রী হরিহর চন্দ্র রায়সহ চার শিক্ষককে নোটিশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ত্যাগ ও অগ্রিম হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগে উত্তর সোনাখুলী আশ্রয়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলামকে নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায় এসব নোটিশ দেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, হাজিরা খাতায় সফটওয়্যারের তথ্য অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা ১০৫ হলেও পরিদর্শনকালে উপস্থিত পাওয়া যায় মাত্র সাতজন।
নোটিশে বলা হয়েছে, এ ধরনের কার্যক্রম কর্তব্যকর্মে চরম অবহেলা ও অসদাচরণের শামিল, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট শিক্ষকদের পাঁচ কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়গুলোর খাতায় শিক্ষার্থীর সংখ্যা শতাধিক হলেও শ্রেণিকক্ষে উপস্থিতি এত কম কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।