জম্মু-কাশ্মিরের গান্দারবাল জেলায় নববধূর স্বামীর কাছে মাদক পাঠানোর অভিযোগে তার সাবেক প্রেমিক তারিক আহমেদ সোফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোফি নববধূর স্বামীকে ফাঁসানোর উদ্দেশ্যে মাদকের চালান পাঠান এবং পরে পুলিশকে বিষয়টি জানিয়ে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের শুরুতে গোপন সূত্রে মাদকের একটি বড় চালান পাঠানোর তথ্য পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ঠিকানায় হাজির হয়ে মাদক আটক করে। আটককৃত চালানে ৪ কেজি কোকেন, ৮০ গ্রাম গাঁজা এবং কিছু সাইকোট্রপিক ড্রাগ পাওয়া যায়।
পোলট্রি খামারির কাছে মাদকের চালান আসার পর তিনি জানান, তিনি মুরগির খাবারের জন্য পার্সেলটি প্রত্যাশা করেছিলেন এবং মাদকের বিষয়ে তার কোনো ধারণা ছিল না। তবে, তার স্ত্রীকে সৌদি আরব থেকে ফোন করে বিয়ে না করার জন্য সতর্ক করা হয়েছিল।
পুলিশের তদন্তে সোফির নাম উঠে আসে, যিনি পোলট্রি খামারির স্ত্রীর সাবেক প্রেমিক। সোফি কানপুরের আরিব নামের এক ব্যক্তির মাধ্যমে মাদক চালানের ব্যবস্থা করেছিলেন বলে দাবি পুলিশের।
সোফির বিরুদ্ধে এনডিপিএস আইনের ৮/২০ এবং ২১ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত করছে, মাদক কীভাবে কানপুর থেকে পাঠানো হয়েছিল এবং ষড়যন্ত্রে আর কারা জড়িত ছিল।