সাভারের হেমায়েতপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯টি বিস্ফোরক ও বিপুল পরিমাণ গান পাউডারসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ৫টি বিস্ফোরকসহ আরিফ হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার ওই বাড়িতে অভিযান শেষ হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরিফ হোসেনকে কিশোরগঞ্জ থেকে অনুসরণ করছিলেন। তিনি সাভারের হেমায়েতপুর এলাকায় একটি বাস থেকে নামার পর তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগে পাঁচটি বিস্ফোরক, একটি চাকু ও একটি লাইটার উদ্ধার করা হয়।

আটকের পর আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে হেমায়েতপুরের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর প্রাইমারি স্কুলের পেছনে আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িটি ঘিরে অভিযান চালানো হয়। সেখানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ওই বাড়ি থেকে ৯টি বিস্ফোরক, বিপুল পরিমাণ গান পাউডার ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, আটক আরিফের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার হওয়া বিস্ফোরক ও সামগ্রীর উদ্দেশ্য সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।