রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ যুবক আটক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ মো. ইমন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রায়পুরা উপজেলার খলাপাড়া এলাকার কেবি বাংলাবাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় খলাপাড়া এলাকার খোরশেদ মিয়ার মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে ইমনকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ টাকা মূল্যমানের ১৮টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৯০০ টাকা।

আটক ইমন নরসিংদীর শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী এলাকার ইউনুস আলীর ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা থানার এসআই মো. সোহরাব হোসেন। এ সময় এএসআই সোহাগ ভূঁইয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে জাল নোট সংক্রান্ত আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।