নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি মামলার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানার পুলিশ পরিদর্শকসহ (তদন্ত) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ হামলার ঘটনায় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা তিনটার দিকে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিনউদ্দিন, পুলিশ কনস্টেবল মো. ইছাক, মো. ইউছুফ ও শাহাদাত হোসেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দারুল ইহছান মাদ্রাসার চেয়ারম্যান মো. নূরুল আবছার থানায় চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ক্ষতিসাধনের অভিযোগ করেন। অভিযোগের প্রাথমিক তদন্তে পুলিশ পরিদর্শক মঞ্জুর আহামেদসহ একটি পুলিশ দল ঘটনাস্থলে যায়।

তদন্তের সময় বিবাদী পক্ষের লোকজনের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। পুলিশ কর্মকর্তাদের দাবি, বিবাদী পক্ষ অতর্কিতে হামলা চালিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে। এতে পুলিশ সদস্যরা আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হামলার পর পুলিশ কোম্পানীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতাল এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছেমনা খাতুন, বিয়াধুনি, মনোয়ারা, আয়েশা, অজি উল্লা, আবু সুফিয়ান ও জাবের রয়েছেন। পুলিশ জানায়, মাদ্রাসার নির্মাণাধীন ভবনের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে এবং এ বিষয়ে আদালতে মামলা করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, চাঁদাবাজির অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।