মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে একটি বড় দাবি করেছেন। তিনি জানান, কৌশলগত এই নৌপথ এখন সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘হরমুজ এখন খোলা।’ তিনি উল্লেখ করেন, প্রণালিতে মাঝে মাঝে নতুন করে মাইন পেতে রাখা হচ্ছে, যা মার্কিন বাহিনী শনাক্ত করে অপসারণ করছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এদিকে, ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ নৌপথটিতে মোতায়েন করা হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়, যা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় ক্ষতিপূরণের দাবি তোলার কথাও জানিয়েছেন। তিনি ইরানের হামলায় নিহত মার্কিন নাগরিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাওয়ার কথা উল্লেখ করেন। অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে আলোচনার দাবি জানিয়ে আসছে।