চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শুনে শামীমা আক্তার মুন্নি (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, মুন্নি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুন্নি চেড়িয়ারা গ্রামের শামীম হোসেনের মেয়ে এবং চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের মানবিক শাখার শিক্ষার্থী ছিল। জানা গেছে, এসএসসি পরীক্ষায় সে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল।

ঘটনার পরপরই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে মুন্নি পরীক্ষার খারাপ ফলাফল মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছে। তবে তার চাচা ইকবাল হোসেন বলেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মুন্নি আমাদের মানবিক বিভাগের ছাত্রী ছিল এবং ফলাফলে সে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুব জানান, এটি আত্মহত্যার ঘটনা নয়। মুন্নি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, হার্টের সমস্যায় তার মৃত্যু হয়েছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, জীবনে অনেক চড়াই-উতরাই আসবে, ফলাফল যাই হোক না কেন, ঘুরে দাঁড়ানোর সাহস রাখতে হবে।