বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রায় নিশ্চিত হয়েছে। তিনি রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল আসতে পারে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী হলে তাকে দল ও সংসদ সদস্য পদ ছাড়তে হবে। এ কারণে বিএনপির মহাসচিব পদে কে আসছেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলটির সূত্রমতে, জাতীয় কাউন্সিলের আগ পর্যন্ত স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অথবা জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে বিএনপি এবং সরকারের অভ্যন্তরে আলোচনা চলছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে, বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

সূত্র জানায়, সালাহউদ্দিন আহমদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নজরুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে। এছাড়া, মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনাও শোনা যাচ্ছে, তবে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।