কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মানরা গ্রামের শাহরিয়ার হোসেন শিহাব (১৭) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে তিনি গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন।

শিহাবের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা জানান, শিহাব ঢাকায় বসবাস করতেন এবং ছোট চাচার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। গত ৮ জুলাই দুপুরে গোসল শেষে ছাদে ওঠার সময় মরিচবাতির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

শিহাবকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার দাফন একই দিন সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে করা হয়।

শিহাবের চাচা জিয়াউল হক বলেন, ‘শিহাব খুবই মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। তার গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার খবর আমাদের শোককে আরও গভীর করেছে।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, শিহাবের মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তিনি পরিবারের পাশে থাকার চেষ্টা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলামও পরিবারের খোঁজখবর নিচ্ছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।