গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গীচালা এলাকায় হঠাৎ করেই মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া এসএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান কাবির দেওয়ান জিপিএ ৪.৫৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

জন্মের সময় কেয়া আক্তার নামে পরিচিত ওই শিক্ষার্থী বর্তমানে আব্দুর রহমান কাবির দেওয়ান নামে পরিচিত। তার এই পরিবর্তনের ঘটনা এলাকায় আলোচনা সৃষ্টি করেছে।

সোমবার (১০ আগস্ট) তার এসএসসির ফলাফল প্রকাশের পর থেকে উৎসুক জনতা তার বাড়িতে ভিড় করছে। পরিবারের সদস্যরা তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাবির দেওয়ান টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার বেলতলা এলাকার কাইয়ুম দেওয়ান ও কণিকা ইসলামের সন্তান। বর্তমানে তারা কালিয়াকৈর উপজেলার মৌচাক কামরাঙ্গীচালা এলাকায় ভাড়া থাকেন।

মা কণিকা ইসলাম জানান, ২০২৫ সালের শেষের দিকে তার শরীরে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে শুরু করে। চিকিৎসকের পরামর্শে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করানোর পর বিষয়টি সম্পর্কে তারা নিশ্চিত হন।

কাবির দেওয়ান বলেন, তিনি পড়াশোনা চালিয়ে যেতে চান এবং ভবিষ্যতে ভালো চাকরি করে পরিবার ও দেশের জন্য কাজ করতে চান।