চট্টগ্রাম বন্দরের ট্রাক-কাভার্ডভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ সামনে রেখে ‘হারুন-সোহেল সম্মিলিত পরিষদ’-এর প্যানেল পরিচিতি সভা ও নির্বাচনি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সংগঠনের সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং বন্দরের পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করার অঙ্গীকার করেছেন প্যানেলের নেতারা।

সোমবার (১০ আগস্ট) নগরের গোসাইলডাঙ্গার ৪ নম্বর কে.ভি. দোভাষ লেইনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সাঈদ হারুন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো. ইসহাক কোম্পানি।

আবু সাঈদ হারুন বলেন, বন্দরের পরিবহন খাতের সঙ্গে মালিক, কন্ট্রাক্টর ও শ্রমিকরা পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। দায়িত্ব পেলে শ্রমিকদের পেশাগত স্বার্থ ও সমস্যাকেও গুরুত্ব দেওয়া হবে। তিনি ‘হারুন-সোহেল সম্মিলিত পরিষদ’কে বিজয়ী করতে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দ আলী নূর কোম্পানি, কো-চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন, এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু তালেব সোহেল বলেন, সংগঠনের সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করা হবে।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষা ও পেশাগত সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। পরিচিতি সভা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।