ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, উত্তর কোরিয়া রাশিয়াকে ৫০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে। তিনি দাবি করেছেন, ইতোমধ্যে উত্তর কোরিয়া রাশিয়াকে হাজার হাজার সেনা, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে।

জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার সঙ্গে থেকে আধুনিক যুদ্ধে অভিজ্ঞতা অর্জন করছে এবং ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্রও পাওয়া গেছে। গত জুলাইয়ে তিনি জানিয়েছিলেন, রাশিয়ায় প্রায় ৩০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন হতে পারে, যা এখন ৫০ হাজারে পৌঁছেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে, উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট ইতোমধ্যে পশ্চিম রাশিয়ায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাতে শুরু করেছে। ইউনিটটিতে ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি লঞ্চার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি দক্ষিণ কোরিয়ার কাছে সহায়তা চেয়েছেন, বিশেষ করে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে উল্লেখ করেছেন।

রাশিয়ার হামলায় ইউক্রেনের খারকিভে দুইজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। এছাড়া, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে পাঁচজন নিহত এবং প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।