মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে গেছে। তার মতে, যুদ্ধের দীর্ঘায়িত হওয়ার ফলে যুক্তরাষ্ট্রের শক্তি কমছে এবং ইরান আরও শক্তিশালী হচ্ছে।

রোববার এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মারফি যুদ্ধ বন্ধে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর পক্ষে মত দেন। তিনি উল্লেখ করেন, চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য আদর্শ না হলেও যুদ্ধ শেষ করার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার স্বার্থে এটি মেনে নেওয়া উচিত।

মারফি আরও বলেন, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়ছে। তিনি সতর্ক করেন যে, যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হবে এবং সাধারণ মানুষকে এর মূল্য দিতে হবে।

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় চালু করতে ইরান ক্ষতিপূরণ, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে।

মারফি জানান, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন অর্থ বরাদ্দের পক্ষে তিনি ভোট দেবেন না, তবে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ মজুত পূরণ করার জন্য অর্থ দেওয়ার পক্ষে তিনি।