জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও পদার্থবিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী জয় সাহাকে বহিষ্কারসহ তিন দফা দাবি জানিয়েছেন তার সহপাঠীরা। তারা দাবি করেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন।

শনিবার (৮ আগস্ট) পদার্থবিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৪ আগস্ট ক্যাম্পাসে সংঘর্ষের সময় জয় সাহা সহপাঠীদের ওপর হামলা চালান, যার ফলে কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত হন। এ ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জয় সাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তাদের প্রথম দাবিতে জয় সাহাকে ছাত্রদল এবং ‘বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ফোরাম’ থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে। এছাড়া, তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা না রাখার দাবি জানানো হয়েছে। ভবিষ্যতে কেউ তাকে সহযোগিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন শিক্ষার্থীরা।

দ্বিতীয় দাবিতে জয় সাহাকে পদার্থবিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানানো হয়েছে। তৃতীয় দাবিতে, ভবিষ্যতে জয় সাহার বিরুদ্ধে হামলা, হুমকি কিংবা ছাত্রী হয়রানির অভিযোগ প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ইনকিলাব মঞ্চের’ প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, যাতে অন্তত ৭০ জন আহত হন। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার দাবি, শিবির শিক্ষার্থীরা তাদের দাবিকে কেন্দ্র করে মব করার চেষ্টা করেছিল, যা সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করেন।