স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বকে টেকসই নয় বলে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, ইনফান্তিনোর বিভিন্ন পরিকল্পনা ফুটবলের মূল ভিত্তি এবং জাতীয় লিগগুলোর অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে।
ফরাসি সংবাদপত্র লে মোঁদ-কে দেওয়া সাক্ষাৎকারে তেবাস বলেন, ‘ইনফান্তিনো যুগ শেষ।’ তার মতে, ফিফার বর্তমান সভাপতির নেতৃত্বে পরিবর্তন এখন সময়ের দাবি। তিনি দীর্ঘদিন ধরে ইনফান্তিনোকে পদত্যাগের আহ্বান জানিয়ে আসছেন।
তেবাস বলেন, ‘জিয়ান্নি ইনফান্তিনো ফুটবলের বিকাশে অবদান রাখছেন না। বরং তার প্রকল্পগুলো জাতীয় লিগগুলোকে ধ্বংস করছে।’ তিনি ফুটবলের নেতৃত্বে পরিবর্তনের পাশাপাশি পুরো ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের ফুটবল কর্মকর্তাদের মধ্যে সমন্বিত সমালোচনা ক্রমেই বাড়ছে। ৫৬ বছর বয়সী এই সুইস কর্মকর্তাকে ফিফা সভাপতির পদ থেকে সরাতে ইউরোপের বেশ কয়েকটি ফুটবল সংস্থা অবস্থান নিয়েছে। উয়েফা এবং নরওয়ের ফুটবল অ্যাসোসিয়েশনও তার পদত্যাগ দাবি করেছে।