ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামীর তিন নেতা কারাগারে পাঠানো হয়েছেন। রবিবার ময়মনসিংহ জেলা জজ আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো নেতাদের মধ্যে রয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ। আদালতের পুলিশ পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, আসামিরা জামিনের আবেদন করেন, কিন্তু বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাহালগাঁও বাজারের পাশে সিপি বাংলাদেশ কোম্পানিতে লেয়ার মুরগি লালন-পালন করা হচ্ছে। চলতি বছরের ৭ এপ্রিল রাতে মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় হামলার সময় হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভেঙে টাকা লুট এবং বিভিন্ন যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ রয়েছে। পরদিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।