লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলাম (৩২) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হামলার ৮ দিন পরও জ্ঞান ফেরেনি তিনি। বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার।
ঘটনাটি ঘটে গত ১ আগস্ট দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকায়। আহত আরিফুল ইসলাম লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং আবু বক্কর সিদ্দিকের ছেলে। এ ঘটনায় শিক্ষক আরিফুল ইসলামের বাবা আবু বক্কর সিদ্দিক ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, স্থানীয় রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তাদের কারণে এলাকার অনেকেই জুয়ায় জড়িয়ে সর্বস্বান্ত হয়েছেন।
আরিফুল ইসলাম সচেতন নাগরিক হিসেবে ওই যুবকদের অনলাইন জুয়া থেকে বিরত থাকতে নিষেধ করেছিলেন এবং পুলিশকে জানাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা হামলা চালায়। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।
শিক্ষক আরিফুল ইসলামের বাবা জানান, তার ছেলের অবস্থা গুরুতর এবং চিকিৎসকরা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। মামলার সাত দিন পার হলেও পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।