মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে অস্ত্রের মজুত কমে যাওয়ার কারণে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দ্রুত বাড়ানোর জন্য চাপ দিচ্ছে।

শনিবার (৮ আগস্ট) পেন্টাগনের মুখপাত্র শান পারনেল এক বিবৃতিতে জানান, সামরিক বাহিনীর জরুরি প্রয়োজন মেটাতে অস্ত্র সংগ্রহ ব্যবস্থা ত্বরান্বিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। ওয়াশিংটন পোস্টের হাতে পাওয়া এক স্মারকে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ডেপুটি ডিফেন্স সেক্রেটারি সামরিক উৎপাদনকারীদের ২১ দিনের মধ্যে আরও দ্রুত উৎপাদন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।

ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস)-এর বিশ্লেষণ অনুযায়ী, সাম্প্রতিক লড়াইয়ের কারণে পেট্রিয়ট ও থাড এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরের মজুত ব্যাপক হারে হ্রাস পেয়েছে। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে ২ হাজার ৩৩০টি পেট্রিয়ট ইন্টারসেপ্টর ছিল, যা বর্তমানে ৭৫৯ থেকে ৮২৭টিতে নেমে এসেছে।

অস্ত্রের ঘাটতির এই তথ্য প্রকাশ্যে আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন যে দেশের কাছে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তা তৈরি ও সরবরাহ করা হচ্ছে।

এদিকে, পেন্টাগনের বাজেট ১.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাবে মার্কিন কংগ্রেসে বাধা দেওয়ায় প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত বিলটি আটকে রয়েছে। পারনেল জানান যে ফেইনবার্গের স্মারক ২০২৮ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হবে, যা প্রতিরক্ষা শিল্প খাতকে পুনর্গঠনে সহায়তা করবে।