ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার বিবিসি বাংলাকে জানান, নেত্রীর ঘোষণা অনুযায়ী তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ভুয়া এবং ন্যায়বিচার হয়নি।
কামাল বলেন, দেশ ছাড়ার পর এক বছর তিনি ট্রমার মধ্যে কাটিয়েছেন। তিনি তার পলাতক জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং দেশে ফিরে ‘যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত’ বলে জানান। তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট ২০২৪ সালে ঘটনার জন্য তারা প্রস্তুত ছিলেন না।
তিনি জানান, সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর ভারতে পৌঁছান। কামাল বলেন, যারা দেশ থেকে পালাতে পারেননি, তারা বেশিরভাগই জেলে বা বাড়ি-ঘর ছাড়া। তার ছেলে, যে রাজনীতি করে না, বর্তমানে জেলে রয়েছে।
বিবিসি জানতে চায়, তার অধীনে পুলিশ বাহিনীর বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ সম্পর্কে তার বক্তব্য কী। কামাল জবাবে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা পুলিশ বা আনসার সদস্যরা ৫ আগস্ট দুপুর পর্যন্ত সঠিকভাবে দায়িত্ব পালন করেছে বলে তিনি মনে করেন।
২০২৪ সালের জুলাই-আগস্টে হত্যার দায়ে আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ফাঁসির আদেশ হয়েছে।