হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র, তবে ইউরোপীয় দেশগুলোর অনীহায় এই প্রচেষ্টা থমকে গেছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে এই জোট গঠনের চেষ্টা চলছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে এই উদ্যোগ নিয়ে কাজ করছে। শুরুতে বেশিরভাগ দেশ এতে অংশ নিতে অনাগ্রহ দেখালেও যুক্তরাজ্য ও ফ্রান্স অংশগ্রহণের সম্ভাবনা খোলা রেখেছিল।

এপ্রিলের মাঝামাঝি সময়ে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন, যুক্তরাজ্য ও ফ্রান্স আন্তর্জাতিক একটি নৌ মিশনের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছে। তিনি বলেছিলেন, এই মিশন হবে ‘শান্তিপূর্ণ ও প্রতিরক্ষামূলক’ বলে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই মিশনে ড্রোন, যুদ্ধবিমান ও একটি যুদ্ধজাহাজ পাঠানো হবে। তবে কয়েক মাস পরও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে একমত।

বিশ্লেষকেরা জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলো সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে চায় না। তারা মনে করেন, ইউরোপের অংশগ্রহণ সীমিত ও শর্তসাপেক্ষ হতে পারে এবং এর মূল লক্ষ্য হবে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা।