প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে এ দেশে আর কোনো ধরণের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

তিনি আজ শুক্রবার (৭ আগস্ট) ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিএনপির অবস্থান সম্পর্কে প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, বিএনপি প্রার্থী দিয়েছে এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।