বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, নাটোরকে একটি পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। উন্নত আবাসন, হাসপাতালসহ আধুনিক সুবিধা নিশ্চিত করে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (৭ আগস্ট) নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সারা দেশে পর্যটন কেন্দ্র বিকাশে সরকারের মহাপরিকল্পনার সূচনা নাটোর থেকেই হচ্ছে।

মন্ত্রী উত্তরা গণভবনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্যাবিনেট মিটিং করেছেন। তিনি জানান, এই ঐতিহ্যবাহী স্থানটির সম্পর্কে দেশের অনেক মানুষই জানেন না।

আফরোজা খানম বলেন, সারা দেশে ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে এবং নাটোরের মতো সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী জায়গা থেকে কাজ শুরু করা হচ্ছে।

মন্ত্রী নাটোরে পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর অভাবের কথা উল্লেখ করে বলেন, এখানে ভালো মানের থাকার জায়গা ও মেডিকেল কলেজের অভাব রয়েছে। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।