রাজধানীর শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হলো ‘পবিত্র শান্তি যজ্ঞ-২০২৬’। এই যজ্ঞের আয়োজন করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সনাতনী শিক্ষার্থীদের সংগঠন সনাতনী স্টুডেন্টস ইউনিটি ফোরাম (ডিসিইউএসইউএফ)।

শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সহনশীল সমাজ গঠনের উদ্দেশ্যে আয়োজিত এই যজ্ঞে শতাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, পুরোহিত ও সাধারণ ভক্তরা উপস্থিত ছিলেন। যজ্ঞের সময় বৈদিক মন্ত্রোচ্চারণ, অগ্নিকুণ্ডে নিবেদিত আহুতি এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

যজ্ঞের শুরু হয় সকাল ৯টায় এবং এটি প্রায় দুই ঘণ্টা ধরে চলে। আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানে প্রায় ২০০ জন অংশ নেন, যার মধ্যে সাত কলেজের প্রায় ১৫০ জন সনাতনী শিক্ষার্থী এবং মন্দিরের অর্ধশতাধিক সাধারণ ভক্ত ছিলেন। যজ্ঞ পরিচালনা করেন তিনজন পুরোহিত।

ঢাকা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক প্রতিমোহন বিশ্বাস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, বর্তমান সমাজে শান্তি ও সহনশীলতার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে অংশ নেওয়া সুসমিতা সরকার বলেন, ‘এই শান্তি যজ্ঞের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের সার্বিক কল্যাণ ও শান্তির জন্য প্রার্থনা করেছি।’ তিনি আশা প্রকাশ করেন যে, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।