কক্সবাজারে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ৫০০ শয্যার কক্সবাজার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 'কিসের হাসিনা?' প্রশ্ন তোলেন। তিনি সাংবাদিকদের বলেন, 'কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?'
মন্ত্রী বলেন, 'মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনও অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনও এসব গ্রহণ করবে না।'
তিনি আরও উল্লেখ করেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের কোনো অনুশোচনা নেই এবং তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। মন্ত্রী বলেন, 'তাহলে এ দেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ বাংলাদেশের মানুষ কখনও দেবে না।'
হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না।
জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে গতকাল সন্ধ্যায় কক্সবাজার আসেন এবং আজ সন্ধ্যায় বিমানযোগে ঢাকা ফেরার কথা রয়েছে।