ভোলার চরফ্যাশনে মো. রাসেল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই এলাকার মো. আবুল কালামের একমাত্র ছেলে। তিনি দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরিবারের সূত্রে জানা যায়, ঘরে ফ্লোরিংয়ের কাজের জন্য পুকুরে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করা হয়েছিল। দুপুরে মোটরের সঙ্গে বৈদ্যুতিক সুইচ বোর্ডের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত রাসেল বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবার দাবি, রাসেল খুবই মেধাবী ছিল এবং তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ‘রাসেল আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার বিদ্যুৎস্পর্শে মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, ‘বিদ্যুৎস্পর্শে একজন শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’