জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১১ দলের অবস্থান কর্মসূচিতে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।
তিনি বলেন, লংমার্চে বাধা দেওয়া হলে দ্বিগুণ শক্তিতে তা গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে নিত্যপণ্যের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানান তিনি।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে ১০ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ বিলের বিষয়ে গণশুনানির আয়োজন, দায়ীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা। এছাড়া গ্যাস সরবরাহ না থাকলে বিল আদায় বন্ধ করার দাবি জানানো হয়।
অবস্থান কর্মসূচিতে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।