প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (৬ আগস্ট)। এই উপলক্ষে সকালে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

মাহবুব আলী খান নৌ-সদর দপ্তরের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন। আজ সকালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বাদ যোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে তার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া, তার বাসভবনে কুরআন খতম, কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ীদের দোয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন। দিনটি উপলক্ষে ছিন্নমূল শিশু-কিশোরদের প্রতিষ্ঠান ‘সুরভি’-তে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

ঢাকার বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে। বাউনিয়াবাদে জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদরাসা, ভাষানটেক ক্যান্টনমেন্ট জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদরাসা ও সনমানদি খানবাড়ি দারুল কুরআন হাফিজিয়া মাদরাসায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সিলেটের বিরাহিমপুরে বাদ জোহর পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, পারিবারিক জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদরাসায় জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে। আসরের নামাজের পর হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহ পরান (রা.) দরগাহ মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হবে।