চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী রায়হান আলম সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘দোজখ আর জাহান্নামে তফাৎ কী, মাসুদ স্যার?’

রায়হানের এই পোস্টের পর চট্টগ্রামের অপরাধজগত নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। পলাতক অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয়তা আইনশৃঙ্খলা বাহিনীর নজরেও এসেছে। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, রায়হান গত রোববার (২ আগস্ট) তার ফেসবুক অ্যাকাউন্টে এই স্ট্যাটাস দেন। পুলিশের ধারণা, নোয়াখালীতে তাকে গ্রেপ্তারের সময় ঘটে যাওয়া ঘটনার প্রতিক্রিয়া হিসেবেই তিনি এই মন্তব্য করেছেন।

নোয়াখালীতে রায়হানকে গ্রেপ্তারের সময় তিনি ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান। এ ঘটনায় সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম বলেন, রায়হান কোনোভাবে পালিয়ে গেছে, তবে সে জাহান্নাম না দেখলেও দোজখ দেখে ফেলেছে।

রায়হানের ফেসবুক পোস্টে তিনি নোয়াখালীর কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিপদের সময় সহযোগিতা পাওয়ার কথা উল্লেখ করে ভালো পথে ফেরার ইঙ্গিতও দেন। পুলিশ জানিয়েছে, রায়হান চট্টগ্রামের একটি সক্রিয় অপরাধচক্রের সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে, যার মধ্যে ছয়টি হত্যা মামলা অন্তর্ভুক্ত।