মোংলা রামপাল (বাগেরহাট-৩) আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে অবৈধ তদবিরের অভিযোগে টুকু শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতিমন্ত্রীর নাম ও পদবি অপব্যবহার করে এলাকায় অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ এই চক্রের সন্ধান পায় এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির সঠিক অবস্থান সনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মোংলার হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে টুকু শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে পরিবেশ প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি ভুয়া সিল এবং স্ট্যাম্প জব্দ করা হয়।
মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, প্রতারণার ঘটনায় গ্রেপ্তারকৃত টুকু শেখের নাম উল্লেখসহ ঘটনার সাথে সরাসরি জড়িত পলাতক অপর দুই আসামির বিরুদ্ধে মোংলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান থানার এ কর্মকর্তা।