জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি আরও সহজ করতে নির্বাচন কমিশন (ইসি) একটি চার সদস্যের কমিটি গঠন করেছে।

ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার আজ রোববার এ-সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে আবেদনের সঙ্গে সংযুক্ত প্রমাণক নিরীক্ষা করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) দায়িত্ব পালন করবেন। কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে, আবেদন পরিবর্তনের ধরন এবং প্রমাণক হিসেবে প্রয়োজনীয় দলিলের তালিকা প্রস্তুত করতে হবে।

কমিটিকে ‘ঘ’ ক্যাটাগরির আবেদনে প্রমাণক অপর্যাপ্ত থাকায় বাতিল করা এবং পুনঃদাখিলকৃত আবেদনে পর্যাপ্ত প্রমাণক দাখিল করা হলে সেসব আবেদন নিষ্পত্তির জন্য সুপারিশ করতে হবে।

এছাড়া, ‘ইলেকট্রনিক্যালি অ্যাকশন’ নেওয়ার সময় উদ্ভূত জটিলতা নিরসনে সিএমএস পোর্টালে প্রয়োজনীয় মডিফিকেশন সম্পর্কেও মতামত দিতে হবে। বর্তমানে দেশে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন ভোটার রয়েছে।