তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে সাংবাদিকতার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো অপতথ্য ও বিকৃত তথ্যের বিস্তার। তিনি জানান, এই চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক জ্ঞান, শিক্ষা, কৌশল, পদ্ধতি ও প্রযুক্তির সমন্বিত ব্যবহার প্রয়োজন।

মন্ত্রী রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘রাজনীতি, ক্ষমতা ও সাংবাদিকতার আন্তঃসংশ্লেষ: তত্ত্ব, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, একসময় তথ্যের সংকট সাংবাদিকতার প্রধান সমস্যা ছিল, কিন্তু বর্তমানে পরিকল্পিত অপতথ্য মানুষের মনোজগৎ এবং রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে। বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে অপতথ্য ছড়ানোর উদাহরণ রয়েছে।

মন্ত্রী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক সাংবাদিক এখনো পেশাগত অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন এবং গণমাধ্যমে প্রবেশের ক্ষেত্রে নীতিগত দুর্বলতার কারণে অনিয়ম সৃষ্টি হয়েছে।

জহির উদ্দিন স্বপন সাংবাদিকতার স্বাধীনতার প্রশ্নে বলেন, স্বাধীনতার মাত্রা নির্ধারণ একটি জটিল বিষয়। তিনি জানান, এ লক্ষ্যেই গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ‘ক্ষমতা, স্বাধীনতা ও দায়িত্ব’-এই তিনটি বিষয়কে সমন্বয় করে এগোনোর পরিকল্পনা রয়েছে।