সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাছিমপুর দক্ষিণপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কামরুন্নাহার কল্পনার পরিত্যক্ত বাসায় মাদকসেবীদের আড্ডা বসার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাড়িটি প্রায় অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। এ সুযোগে সেখানে নিয়মিত মাদকসেবীদের আনাগোনা বেড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চারতলা বাড়িটির বিভিন্ন স্থানে মাদকসেবনের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হয় এমন কিছু সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে আসা কিছু ব্যক্তি বাড়িটিতে জড়ো হয়ে মাদক সেবন করছে। ফলে এলাকার পরিবেশ নিয়ে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও নির্জনা পরিবহনের পরিচালক শেখ কামাল বলেন, দীর্ঘদিন ধরে বাড়িটি নজরদারির বাইরে থাকায় এটি অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, বাড়িটিতে নিয়মিত মাদকসেবীদের উপস্থিতির কারণে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর বাড়িটির আশপাশে চলাচল নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অপরদিকে, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান একটি মিটিংয়ে ব্যস্ত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।