রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভাণ্ডারীর খানকা শরিফে হামলা

 

রাজশাহী প্রতিনিধি।

 

রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে আজিজ ভাণ্ডারীর খানকা শরিফে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর একদল মুসল্লি এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

 

খানকা শরিফের পীর আজিজুল ইসলাম জানান, প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তিন দিনের দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার ছিল ওই মাহফিলের প্রথম দিন। কিন্তু নামাজের পর স্থানীয়দের উসকে দিয়ে কয়েকশত মানুষ মব সৃষ্টি করে হামলা চালায়। তিনি অভিযোগ করে বলেন, “গোয়েন্দা সংস্থার পূর্ব সতর্কতা থাকা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বরং পুলিশের উপস্থিতিতেই হামলা হয়েছে। অনুষ্ঠান আয়োজনের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল, তবুও হামলা ঠেকাতে তারা কিছুই করেনি।”

 

অন্যদিকে, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “তিন-চারশত মানুষ একসঙ্গে হামলা করেছে। সেখানে আমাদের মাত্র পাঁচজন পুলিশ সদস্য ছিল। এত বড় জনতাকে সামাল দেওয়া সম্ভব হয়নি। দেশের সামগ্রিক পরিস্থিতি তো আপনারা জানেন। তবে এ ঘটনায় থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভক্তরা দোষীদের গ্রেপ্তার ও দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি

জানিয়েছেন।