জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু বলেছেন, বিগত ১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে। শনিবার (১ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. মাহমুদা মিতু অভিযোগ করেন, বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে এসেছে। তিনি দাবি করেন, ছাত্রদলে ‘সন্ত্রাসীদের’ স্থান দেয়া হয়েছে এবং চাকরি দেয়ার প্রতিশ্রুতির পরিবর্তে চাঁদাবাজির সুযোগ তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘বিগত ১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো লড়াই নেই। আমাদের লড়াই শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি ভালো রাষ্ট্র গড়ার জন্য।’
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, সরকার এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। ‘জুলাই ব্যবসা’ প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাইয়ে অনেক মানুষ শহিদ হয়েছেন, অনেক পরিবার সন্তান হারিয়েছে। তাই এটিকে ব্যবসা বলে আমাদের থামিয়ে রাখা যাবে না।’
আওয়ামী লীগ প্রসঙ্গে ডা. মাহমুদা মিতু বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বলে নেতা-কর্মীদের বিভ্রান্ত করছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রাজনৈতিক কর্মসূচি দিলে তা প্রতিহত করার আহ্বান জানান। সভায় অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং সংরক্ষিত সংসদ সদস্য রোকেয়া বেগম।