বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শনিবার বিকেলে রাজধানীর মহাখালীতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আপনাদের মতো লন্ডন আর শিলংয়ে যাইনি, এই মাটিতেই ছিলাম। তাহলে কেন গুপ্ত বলেন?’
সমাবেশে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনার চারপাশে মন্ত্রী-এমপি যারা আছেন, তাদের ভুল কথায় বিভ্রান্ত হবেন না।’ কলেরা হাসপাতালের সামনে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি জুলাই অভ্যুত্থানের অন্যতম সুবিধাভোগী হলেও বর্তমানে তারা সেই চেতনা থেকে সরে এসেছে। তিনি দাবি করেন, জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল, কিন্তু এখন তারা সেই অঙ্গীকার ভুলে গেছে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আইন সংশোধনের মাধ্যমে ‘রিফর্ম আওয়ামী লীগ’ নামে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। গোলাম পরওয়ার অভিযোগ করেন, ক্ষমতাসীনরা জুলাইয়ের চেতনাকে ভুলে গেছে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় লোকজন নিয়োগ দিচ্ছে।
জামায়াতকে নিয়ে বিভিন্ন সময়ে করা মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত কখনো গুপ্ত ছিল না। যারা বিভিন্ন আন্দোলনে জামায়াত-শিবিরের সম্পৃক্ততার কথা বলেন, তাদের বক্তব্য জনগণ বিবেচনা করবে।