রাজধানীসহ সারা দেশে পুলিশের ব্যবহৃত যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলার আশঙ্কার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে।

শনিবার (০১ আগস্ট) এক জরুরি বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, পুলিশের যানবাহনের নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা বা অবহেলা বরদাশত করা হবে না। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

বার্তায় বলা হয়, ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের সদস্যদের সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখতে হবে। আনঅ্যাটেন্ডেড অবস্থায় কোনো পুলিশি যানবাহন রাখা যাবে না।

এছাড়া, ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ডসহ অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল ও নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।