উত্তরায় কৃষিবিদদের মধ্যে পারস্পরিক পরিচয় ও পেশাগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’ একটি মিলনমেলার আয়োজন করেছে। শনিবার (১ আগস্ট) সকালে উত্তরার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ রেজা নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান, এবং অন্যান্য বিশিষ্ট কৃষিবিদরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও উদ্যোক্তা কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক।
বক্তারা কৃষি, গবেষণা, উদ্যোক্তা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, উত্তরায় বসবাসরত কৃষিবিদদের মধ্যে নিয়মিত যোগাযোগের সুযোগ সীমিত, তাই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
মিলনমেলায় ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’কে আরও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং আরও কৃষিবিদকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে প্রতি মাসের শেষ শুক্রবার সকালে নিয়মিত মিলনমেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। অংশগ্রহণকারী কৃষিবিদরা দেশের কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’কে একটি অরাজনৈতিক, সামাজিক ও পেশাভিত্তিক নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন।