ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি গ্রামে ঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে ভাষাণচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা দুই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ধর্ষণের শিকার কিশোরীকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চাচা জানিয়েছেন, ঘটনার রাতে কিশোরীর মা ও অন্যান্য স্বজন ফরিদপুর শহরের একটি হাসপাতালে ছিলেন, ফলে কিশোরী বাড়িতে তার ছোট ভাই-বোনের সঙ্গে একা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল কিশোরীর বাড়ির দরজা খুলতে চাপ দেয়। দরজা না খোলায় তারা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরে পাশের গ্রামের পুকুরপাড় এলাকায় তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে দুর্বৃত্তরা তাকে বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা দুই অভিযুক্ত হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬) কে আটক করে পুলিশে সোপর্দ করে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামছুল আজম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে। আটক ব্যক্তিরা বর্তমানে থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।