রাজনৈতিক মতবিরোধকে রাজনৈতিক পরিসরেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অতীতে অনেক বিপ্লব ও গণ–অভ্যুত্থান আত্মঘাতী তৎপরতা ও সহিংসতার কারণে ব্যর্থ হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর নাখালপাড়ার আহরিকা হোটেল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, রাজনৈতিক মতপার্থক্যকে সংঘাত-সংঘর্ষে রূপ দেওয়া উচিত হবে না। তিনি সতর্ক করে বলেন, নিজেদের মধ্যে আত্মঘাতী সংঘাতে জড়িয়ে পড়লে অপশক্তি সেই সুযোগ নিতে পারে।

তিনি আরও বলেন, এক যাত্রায় সবকিছু অর্জনের চিন্তা না করাই ভালো। বিএনপি সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক মোহাম্মদ শরীফুল ইসলাম। সভায় দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আলী, শ্রমিকনেতা জাকির হোসেন তালুকদার, মকবুল হোসেন ও আজাদ হোসেন হৃদয় বক্তব্য দেন।

সভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই কর্মী বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ জুলাইয়ের সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।