আজ (শুক্রবার) ঢাকার সন্ধ্যা সংগীতপ্রেমীদের জন্য হতে যাচ্ছে বৈচিত্র্যময়। রাজধানীর তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিনটি ভিন্নধর্মী কনসার্ট। এতে কিং অব পপ মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট, কিংবদন্তি গায়ক-গীতিকার অঞ্জন দত্তের গান নিয়ে বিশেষ আয়োজন এবং লোকসংগীতশিল্পী বগা তালেবের একক পরিবেশনা থাকবে।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সন্ধ্যা ৬টায় শুরু হবে ‘প্লেলিস্ট ট্রিবিউট টু অরিজিনালস’ শীর্ষক কনসার্ট। এতে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ মাইকেল জ্যাকসনের গান পরিবেশন করবে। কনসার্টের টিকিটের মূল্য ১ হাজার ৫০০, ২ হাজার ও ৫ হাজার টাকা। আয়োজন করেছে ব্র্যান্ডমিথ এবং মার্স অ্যান্ড কো।

অন্যদিকে বনানীর বাটারনোট ক্যাফেতে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে…’ শীর্ষক বিশেষ কনসার্ট। কিংবদন্তি গায়ক অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। টিকিটের মূল্য ৭০০ টাকা (আর্লি বার্ড) এবং ১ হাজার টাকা (অন স্পট)। আয়োজন করেছে আজব কারখানা।

একই দিনে বনানীর সাতোরি একাডেমি অব আর্টসে অনুষ্ঠিত হবে লোকসংগীতশিল্পী বগা তালেবের একক কনসার্ট ‘বগা গায়, বগা কয়’। তিনি বাংলা লোকসংগীতের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী গান পরিবেশন করবেন। এ অনুষ্ঠানের টিকিটের মূল্য ৭০০, ১ হাজার ও ২ হাজার টাকা।

পপ, ব্যান্ড, আধুনিক ও লোকসংগীত— তিন ভিন্ন ধারার এই তিন আয়োজন আজ ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ তৈরি করবে। সংগীতপ্রেমীরা তাদের পছন্দমতো কনসার্ট উপভোগের সুযোগ পাবেন।