মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে তিনি ‘বেশ হতাশ’ হবেন। তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বেইজিং তেহরানের কাছে কোনো ধরনের অস্ত্র বিক্রি করবে না।

ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, শি তাকে দৃঢ়ভাবে বলেছিলেন যে তিনি অস্ত্র সরবরাহে অংশ নেবেন না এবং তিনি জানেন যে ট্রাম্প হতাশ হবেন।

এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে তেহরান আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনে তৈরি ৪০০টি কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে। ট্রাম্প এই বিষয়ে মন্তব্য করে বলেন, ‘এমন ঘটনা ঘটলে তা হবে অবাক করার মতো।’

ট্রাম্প আরও উল্লেখ করেন, মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাতে জানা গেছে যে তেহরান সামরিক সরঞ্জাম পূরণের চেষ্টা করছে এবং বেইজিং তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, বেইজিং ও মস্কো ইরানকে অস্ত্র সরবরাহ থেকে বিরত রয়েছে এবং এটি তাদের নিজেদের স্বার্থের পরিপন্থী হবে।